মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফেসবুক গ্রুপ প্রাণের বাগেরহাট, অপরাজিতা নেটওয়ার্ক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন, নিস্বাথের্র ছোয়া, গ্লোরি ফিউচার ফাউন্ডেশন, বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, গনমাধ্যমকর্মী, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার সহগ্রাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাগেরহাটের সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, শিক্ষক আবিদা সুলতানা, প্রাণের বাগেরহাট ফেসবুক গ্রুপের এ্যাডমিন শাওন পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালে অতি সংকটের মুহুর্তে বাগেরহাটে যোগদান করেছিলেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। যোগদানের পরেই সবার সাথে সমন্বয়ের মাধ্যমে বাগেরহাটের মানুষের জন্য কাজ করা শুরু করেন তিনি। অতিমারিতে কর্মহীন শ্রমিক, স্বল্প আয়ের মানুষ, বিশেষ পেশার সম্মানিত ব্যক্তিবর্গসহ বস শ্রেণির মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের ব্যবস্থা করেছেন। সরকারের অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প গুলোর কাজে দৃশ্যমান গতি এনেছেন। প্রকট সুপেয় পানির সংকটের সময় উপকূলবাসীর জন্য ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ব্যবস্থা করেছেন। শুধু তাই মাত্র চার মাস ১৫দিনে জেলা প্রশাসক জেলার সব সেক্টরের উন্নয়নে কাজ শুরু করেছিলেন। বাগেরহাটের সবধরণের উন্নয়ন কাজে এক ধরণের ছন্দ ফিরে এসেছে। এই মুহুর্তে তাকে বদলী করা হলে বাগেরহাটের উন্নয়ন কাজ ব্যাহত হবে। বাগেরহাটের মানুষের অপূরনীয় ক্ষতি হয়ে যাবে। বাগেরহাটবাসীর উন্নয়ন ও ভাল থাকার জন্য জেলা প্রশাসকের বদলী আদেশ স্থগিতের জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
৩ জানুয়ারি বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন আ.ন.ম ফয়জুল হক। মাত্র চার মাস ১৫ দিনের মধ্যে ১৬ মে আ.ন.ম ফয়জুল হককে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগে বদলী করা হয়। বদলী আদেশ শোনার পর থেকে বাগেরহাটবাসী ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার বদলী আদেশ স্থগিতের দাবি জানান।
Leave a Reply