শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের উদ্যোগে মোটরসাইকেল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। গণসংযোগকালে মোটরসাইকেল বহরটি দীঘিরপাড়, কাপাসডাঙ্গা, রাজনগর, প্রসাদনগর, কালেখারবেড়, তালতলা, চকগোনা, বেলাই ও বড় দুর্গাপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শেখ শাহিনুর রহমান পলাশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগে শেখ শাহিনুর রহমান পলাশ বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থেকে রাজনগর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি। একটি সুন্দর, সুশাসিত ও উন্নয়নমুখী রাজনগর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গণসংযোগে উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আজিজুল শেখ, রাজনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান তিতাসসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, শেখ শাহিনুর রহমান পলাশ রাজনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply