সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট
ঢাকার উত্তরা এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন তরুণ পাইলট তৌকির ইসলাম সাগর। জীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র ছয় মাস পরই থেমে গেল তার স্বপ্নের যাত্রা।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনটির আশপাশে থাকা শিক্ষার্থী ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি হঠাৎ নিচের দিকে দ্রুত নেমে আসে এবং বিকট শব্দে ভবনে আঘাত হানে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পাইলট তৌকির ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
তৌকির ইসলাম সাগরের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে। রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরে তাদের বাড়িতে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা ভিড় জমান। নিহত পাইলটের মেজ চাচা মতিউর রহমান জানান, “সাগরের বিয়ে হয়েছে মাত্র ছয় মাস আগে। সন্তানও হয়নি এখনও। কিছুদিন আগেই সে রাজশাহীতে এসেছিল পরিবারের সঙ্গে সময় কাটাতে। আজ হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে আমরা ভেঙে পড়েছি।”
বাংলাদেশ বিমানবাহিনী এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এছাড়া সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলিও দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তথ্য সংগ্রহে কাজ করছে।
Leave a Reply