বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার
আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন বাম ছাত্র সংগঠন। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহে’র ব্যানারে আয়োজিত এক ছাত্র গণসমাবেশ থেকে এই দাবি জানানো হয়।ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে এবং ছাত্র ফেডারেশনের একাংশের সভাপতি মিতু সরকারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সংগঠক দাওদ হোসেন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের প্রচার সম্পাদক তৌফিকা প্রিয়া এবং পাহাড়ী ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক
শুভাশীষ চাকমা প্রমুখ।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার সবকিছুই স্বাভাবিক করে দিচ্ছে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গত দেড় বছর ধরে বন্ধ থাকা সত্ত্বেও খুলছে না। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভয় পায়, কারণ তারা করোনাকালে যে দূর্নীতি করেছে ও লুটপাট করেছে এইসবের বিচার ছাত্ররা চায়।নেতারা আরও বলেন, ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয় খুললে অস্থিতিশীল পরিবেশ তৈরীর আশংকা করেন। আসলে যেকোনো স্বৈরাচারী সরকার; যারা গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে তারা জনগণের মতামতের কোনো তোয়াক্কা করে না, তারাই ছাত্রদের ভয় পায়। আর এই ভয় থেকেই প্রলাপ বকছেন তারা।এ সময় নেতারা আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে সেইদিন বিকেল ৪টায় শাহবাগে ‘ছাত্র গণসমাবেশ’র ঘোষণা দেন। তারা বলেন, এর মধ্যে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হবে।
Leave a Reply