শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের শরনখোলা এক দিনের ব্যবধানে মোহসিনিয়া ফোকানিয়া হাফেজিয়া মাদরাসার ঈসা (১৩) এবং ইয়াসিন (১২) নামের দুই সহপাঠী আত্মহত্যা করেছে। সোমবার (১৪আগস্ট) দুপুর ২টার দিকে বাবার সঙ্গে অভিমান করে ঈসা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বন্ধুর মৃত্যুতে একপ্রকার বাকরুদ্ধ হয়ে পড়ে ইয়াসিন। মৃত্যুশোক সইতে না পেরে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ইয়াসিনও গলায় দড়ি দিয়ে একইভাবে আত্মহত্যা করে।
২২ ঘন্টার ব্যবধানে পৃথক এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর ও পাশ্ববর্তী উত্তর কদমতলা গ্রামে।
রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের মো. হাবিব হাওলাদারের ছেলে ঈসা এবং রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মো. শফিকুল গাজীর ছেলে ইয়াসিন কদতমলা মরহুম ছোট হুজুরের মোহসিনিয়া ফোকানিয়া হাফেজিয়া মাদরাসায় একই সাথে শড়াশুনা করত।
শরনখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের ইউপি সদস্য মো. কাওসার আকন জানান, মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে আসায় ঈসাকে বকাঝকা করে তার বাবা। সেই কষ্টে-ক্ষোভে ছাগলের ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। তাকে উদ্ধার করে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষনা করেন চিকিৎসক।
উত্তর কদমতলা গ্রামের ইউপি সদস্য মো. খায়রুল ইসলাম শরীফ জানান, বন্ধুর মৃত্যু শোক সইতে না পেরে সোমবার দুপুরে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেয় ইয়াসিন। তাকে উদ্ধার করে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষনা করেন চিকিৎসক। দুই সহপাঠীর মৃত্যুতে দুই পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) সুব্রত কুমার জানান, দুই মাদরাসা ছাত্রের মৃত্যুতে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। পৃথক ঘটনাস্থল পরিদর্শন করে এই মৃত্যুর বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Leave a Reply